নদিয়ার ভারতভুক্তি ১৭ আগস্ট ১৯৪৭
স না ত ন সে ন
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম একটি জেলা হল নদিয়া। নদিয়া জেলা একটি ঐতিহাসিক অঞ্চল। এই জেলা থেকেই ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ১৭৮৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে জেলা হিসেবে নদিয়ার আত্মপ্রকাশ ঘটে। সে সময় বর্তমান হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশ এই জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৪৭ সালের ১৫ আগস্ট সাময়িকভাবে এই জেলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। তিন দিন বাদে ১৮ আগস্ট কিছু অংশ বাদে নদিয়া পুনরায় ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি নদিয়া জেলা তার বর্তমান রূপটি লাভ করে। ১৯৪৭ সালে সাময়িকভাবে জেলার নামকরণ নবদ্বীপ করা হলেও খুব অল্প সময়ের মধ্যেই সেই নামকরণ বাতিল হয়।রাজা বল্লাল সেন নদিয়া প্রতিষ্ঠা করেন। প্রাচীন বাংলার হিন্দু রাজারা গৌড়ের পাশাপাশি নদিয়াতেও অবস্থান করতেন। মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী কর্তৃক বিজিত হওয়ার আগে অবধি নদিয়া বাংলার রাজধানী ছিল। নদীর পশ্চিম তীরে প্রাচীর বেষ্টিত একটি নগরীতে রাজপ্রাসাদ, হারেম, বাজার ও বাসস্থান ছিল। ধারণা করা হয় যে, তিব্বত, নেপাল ও ভূটানের সাথে নদিয়ার বানিজ্যিক সম্পর্ক ছিল। ইংরেজ আমলে অবিভক্ত নদিয়া জেলা কৃষ্ণনগর সদর, রাণাঘাট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই পাঁচটি মহকুমায় বিভক্ত ছিল। দেশভাগের পরে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই তিনটি মহকুমা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।
১৫ই আগস্ট ১৯৪৭ সালে দেশভাগের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আসে । কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ , মালদহ ও পশ্চিম দিনাজপুর এই চারটি জেলার এবং উত্তর ২৪ পরগনার বনগ্রাম থানা এলাকার মানুষ স্বাধীনতার আনন্দ উৎসবে অংশ নিতে পারেননি সেদিন। ভারত না পাকিস্তান, পাকিস্তান না ভারত – কোন দেশের অধীনে তাঁরা থাকবেন, এই অনিশ্চয়তার দোলাচালে অনন্ত দুটি বিনিদ্র রজনী কাটিয়েছিলেন তাঁরা। স্বাধীনতার আনন্দ পেতে তাঁদের অপেক্ষা করতে হয়েছিল অন্তত আরও দুদিন। যখন ১৭ আগষ্ট নদিয়া জেলা ভারত ভুক্তির ঘোষনা হল।
তারপরই শুরু হয়েছিল স্বাধীনতার বিলম্বিত উৎসব। যদিও নদিয়ার কোথাও কোথাও অনেকে ১৮ আগস্ট ১৯৪৭-কে নদিয়ার ভারতভুক্তির দিবস ধরে ওই দিনটিকে বিশেষ ভাবে পালন করেন। মাঝদিয়া’র কাছে শিবনিবাসে প্রতি বছর ১৮ আগস্ট বড় করে পালিত হয় এই বিলম্বিত স্বাধীনতা দিবসের উৎসব।
ঠিক কি হয়েছিল ? কেন এই বিলম্বিত স্বাধীনতা?
১৬ মে ১৯৪৬ বৃটিশ পার্লামেন্ট–এর সিদ্ধান্ত অনুযায়ী ১০ই জুলাই ১৯৪৬ গঠিত হল ভারতের সংবিধান সভা (The Constituent Assembly of India ) । প্রথম সভা বসল ৯ই ডিসেম্বর ১৯৪৬ । ৩রা জুন ১৯৪৭ বৃটিশ পার্লামেন্ট ভারতের দেশভাগ মেনে নিল । ১৮ই জুলাই ১৯৪৭ বৃটিশ পার্লামেন্ট ১৯৩৫ সালের Government of India Act, 1935-কে সংশোধন করে Indian Independence Act, -1947 পাশ করল। এই Indian Independence Act, 1947 এর বলে ১৫ই আগস্ট ১৯৪৭ দিনটিকে ভারত ও পাকিস্থান দুটি পৃথক দেশ গঠনের জন্য সুনির্দিষ্ট করে দিল । ১৯০৫ সালে যা ছিল ‘বঙ্গভঙ্গ’এর মহড়া এই Act এ তা কারযকরী করা হল ‘পূর্ববঙ্গ’ ও ‘পশ্চিমবঙ্গ’ নামে দুটি প্রদেশ তৈরির মধ্য দিয়ে । ১৯০৫ সালে আঁকা মানচিত্রকে ভিত্তি করে একটি মানচিত্র এর সঙ্গে যুক্ত করা হল । এই মানচিত্র অনুযায়ী দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, যশোহর এবং বনগাঁ থানাকে ‘পূর্ববঙ্গ’এর মধ্যে কধরা হয় । যদিও বলা হয় Bengal Boundary Commission এর পেশ করা রিপোর্টের উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
৩০শে জুন ১৯৪৭ গভর্নর জেনারেলের ঘোষনা (Ref. No.D50/7/47R) মোতাবেক Sir Cyril Radcliffe-কে চেয়ারম্যান করে পাঁচ জনের Bengal Boundary Commission গঠিত হয় । ৩০শে জুন থেকে ১৪ই আগস্ট ১৯৪৭ মাত্র ৪৫ দিন হলেও প্রকৃত পক্ষে ১৮ জুলাই ১৯৪৭ থেকে ১২ই আগস্ট ১৯৪৭ মোট ২৫ দিন কমিশন হাতে পায় । আর সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ থেকে ১৯ এবং ২১ থেকে ২৪ জুলাই ১৯৪৭ মাত্র ৮ দিন পাওয়া যায়। ১২ই আগস্ট ১৯৪৭ Radcliffe রিপোর্ট পেশ করেন। ১৪/১৫ই আগস্ট ১৯৪৭ মাঝরাতে যথারীতি দ্বি-খন্ডিত স্বাধীনতা ঘোষিত হল । ১৯০৫ সালের আঁকা মানচিত্রকে রিপোর্টে পেশ করা হয়েছে বলে সুকৌশলে প্রচার করে মুসলিম লীগ ময়দানে নেমে পড়ে ।
১২ই আগস্ট ১৯৪৭ থেকে ১৪/১৫ই আগস্ট ১৯৪৭ স্বাধীনতা ঘোষনা মাঝের মাত্র দুদিনে মানুষ Radcliffe রিপোর্টের সঙ্গে পেশ করা নতুন মানচিত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না । ১৫ই আগস্ট সকালে মুসলিম লীগের হৈ চৈ মিছিল মিটিং করে পাকিস্থানের পতাকা উত্তোলনে সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেস, হিন্দু মহাসভা, নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশনের নেতারাও বিভ্রান্ত হন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে Radcliffe রিপোর্ট ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে । শুরু হয় তৎপরতা।বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মহারাণী জ্যোতির্ময়ী দেবী, মুর্শিদাবাদের ওয়াসেদ আলী মীর্জা সহ নানা স্তরের ব্যক্তিত্বের তরফ থেকে রাজ্য ও সর্ব ভারতীয় স্তরে যোগাযোগ করা শুরু হয়।১৬ই আগস্ট তৎপরতা তুঙ্গে উঠে ।
কলকাতা থেকে দিল্লী প্রশাসনিক স্তরে চিঠি চালাচালি ও দরবারের পর ১৭ই আগস্ট বিকালে নতুন নোটিফিকেশন জারী করে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়। নোটিফিকেশন নং 58G.A. Dated 17.08.1947.u/s. 7(1) of Cr.pc.,1898 বলে আগেকার সব নোটিফিকেশনকে বাতিল ঘোষণার মাধ্যমে নদীয়াকে দ্বি-খন্ডিত করে ‘নবদ্বীপ’ ও ‘কুষ্টিয়া’ জেলা গঠন করা হয় । ‘নবদ্বীপ’ জেলার অধীনে কৃষ্ণনগর ও রাণাঘাট মহকুমা অন্তর্ভুক্ত হয় । একই দিনে নোটিফিকেশন নং 61 G.A. Dated 17.08.1947 u/s. 4(1)(s) of Cr.P.C.1898 অনুযায়ী, মেহেরপুর মহকুমার করিমপুর ও দৌলতপুর থানা এলাকাকে চিহ্নিত করে মাথাভাঙ্গা নদীর মাঝ বরাবর সীমানা নির্ধারণ করা হয়। Radcliffe রেল যোগাযোগ ব্যবস্থা এবং নদী অবস্থান (River system) কে বাঁচিয়ে মানচিত্রে বিভাজন করেছিলেন । ১৯০৫ সালের মানচিত্রের মত নয় । ১৯০৫ থেকে ১৯৪৭ সাল ৪২ বছরে ১৯০৫ সালের মানচিত্রের কথা সবার জানা ছিল ।
একই ভাবে নোটিফিকেশন নং 55 G.A. Dated 17.08.1947. u/s.7 of Cr.P.C.1898-তে মুর্শিদাবাদ জেলা ; নোটিফিকেশন নং 55 G.A.,62 G.A., 67 G.A. Dated 17.08.1947. অনুযায়ী মালদহ জেলা ; নোটিফিকেশন নং 55 G.A.,60 G.A.,63 G.A., 66 G.A. Dated 17.08.1947 মোতাবেক পশ্চিম দিনাজপুর জেলা গঠন তথা সীমানা চিহ্নিত করে ভারত ভুক্ত করার কথা ঘোষিত হয় ।
প্রসঙ্গত উল্লেখ্য ১৯৪৮ সালে ২৩শে ফেব্রুয়ারি ‘নবদ্বীপ’ জেলার নাম পরিবর্তন করে আবার ‘নদিয়া’ রাখা হয়,(নং 545 G.A Dated 23.02.1948. u/s.7(2) of Cr.P.C.1898).এবং ‘নদিয়া’ থানার নাম বদলে আবার ‘নবদ্বীপ’ থানা রাখা হয় ( নং 546 G.A Dated 23.02.1948. u/s.7(1) of Cr.P.C.1898 )।
Radcliffe এর ‘রায় পরিষ্কার বোঝা যায়নি বলে এই বিভ্রান্তি’ কথাটি যথার্থ নয় । ‘মুসলিমলীগ রণকৌশলে’ যেমন তিনদিন ‘পাকিস্থান ধোঁয়াশা’ ছিল তেমনি নিজেদের ব্যর্থতাকে ঢাকতে এবং সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে ‘কংগ্রেসী রণকৌশলে’ Radcliffe এর ঘাড়ে দোষ চাপিয়ে ‘রায় না বুঝতে পারা’র কথা প্রচার করা হয় । নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ ,পশ্চিম দিনাজপুর এবং ২৪ পরগণার বনগ্রাম থানা যে ভারতের অংশ সেটার নতুন ঘোষণা ১৮ই আগস্ট ১৯৪৭ নয়, ১৭ই আগস্ট ১৯৪৭ তারিখেই করা হয়েছিল । এবং তাই নদিয়ার বিস্তীর্ন অঞ্চলের মানুষ বিশেষ করে সীমান্ত এলাকার মানুষ ১৮ই আগষ্টের দিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মেতে ওঠে। @সেন.সনাতন
সনাতন সেন
(প্রাবন্ধিক)
নাসরা, রানাঘাট, নদিয়া
7908 92 33 17



good information